নেশার টাকা জোগাতে কন্যাসন্তান বিক্রি, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি
- আপডেট সময় ০২:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 19
দরকার নেশার টাকা। নানার বাড়ি থেকে দুধ কিনে দেয়ার কথা বলে নিজের কন্যা সন্তানকে নিয়ে যায় বাবা হামিদুল ইসলাম। শিশুটিকে নিয়ে যাওয়ার পর নিজের স্ত্রী রুমানা আক্তারের কাছে হামিদুল মোবাইল ফোনে ১০ হাজার টাকা দাবি করেন। বলেন, টাকা না দিলে শিশুকে বিক্রি করে দেয়া হবে। অভাবের কারণে টাকা দিতে পারেননি রুমানা। পরে কয়েক হাত ঘুরে মাত্র ৩১ হাজার টাকায় নিজের কন্যাশিশুকে বিক্রি করে বাবা হামিদুল ইসলাম।
নেশার টাকার জন্য নিজের কন্যাশিশুকে বিক্রির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর সোমবার প্রেস কনফারেন্স করেন গাইবান্ধার পুলিশ সুপার জসীম উদ্দিন। তিনি জানান, গতকাল রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া থেকে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি ও রংপুরের পীরগঞ্জ থেকে হামিদুল, মজিদ, মোর্শেদা ও জেসমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
রুমানার দাবি, টাকা না পাওয়ায় হামিদুল মোবাইল ফোন বন্ধ করে দেয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি আদালতে মামলা করেন এবং পুলিশের দ্বারস্থ হন। শিশুটিকে ফিরে পাওয়ার পর মা রুমানা জানান, “সন্তান নয় পৃথিবী ফিরে পেয়েছি।”

























