সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, সালমান ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। নির্দিষ্ট অভিযোগে মামলা করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তিনি বলেন, সালমান একসময় জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। আবার তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করেছেন। তাই নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে অভিযোগ, তা মামলার মাধ্যমে জানালে তদন্ত করা সম্ভব হবে।
ঘটনার প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানিকদী নামাপাড়ায় ক্যান্টনমেন্ট থানার আওতাধীন ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। একপক্ষে রয়েছে নিউ গিনি প্রোপার্টিজ নামের একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্যপক্ষে একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।
তিনি জানান, ওই কর্মকর্তার পক্ষের কয়েকজন ব্যক্তি রাতে জমি দখলের চেষ্টা করেন। এ সময় সালমান মুক্তাদিরের টিনশেড স্থাপনাসহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এদিকে মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতের ওই ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভাঙচুরের সময় নেওয়া মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। যে-ই অপরাধে জড়িত থাকুক, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

























