‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-গুলির অভিযোগ
- আপডেট সময় ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 43
খুলনায় মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামিয়া রোডে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল আলম খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঞ্জুরুল আলমের ভাষ্য, ঘটনার সময় তিনি বাড়িতে শুয়ে ছিলেন। বাইরে একটি মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাড়ির ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।


























