মধ্যরাতে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
- আপডেট সময় ০৪:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 1
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনকে ঘিরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এসব অভিযোগের প্রতিবাদে সোমবার দিবাগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবারও উপাচার্যের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।
রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি বের হয়। এর আগে রাত সাড়ে ১১টা থেকে চুয়েটের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হতে শুরু করেন। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার গোলচত্বর ঘুরে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
মিছিল চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে গেছে এমন দাবি কেউ কেউ করতে পারেন। তবে রাতের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি সেই দাবিকে ভুল প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব অভিযোগ করেন, আন্দোলনকে দুর্বল করতে কয়েকটি মহল শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আসাদুল্লাহ হিল গালিব বলেন, হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। তাদের দাবি হিসেবে তিনি চুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের কথা উল্লেখ করেন।






















