ভারতে ‘পাকিস্তানি’ বলে সিজেপি নেতাদের ওপর হামলা
- আপডেট সময় ০৪:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 29
ভারতের রাজস্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র একটি প্রতিনিধিদল। শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের বগরু বিধানসভা এলাকার রামপুরা কানওয়ারপুরা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পার্টির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির প্রতিনিধিদলটি গোয়ালঘরে পরিচালিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছিল। গ্রামে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় বাসিন্দা তাদের পথ আটকে সিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
প্রতিনিধিদলের সদস্যদের ‘আর্বান নকশাল’, ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানি’ বলে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাদের ধাওয়া করে শারীরিকভাবে হামলা করা হয়। পরে পরিদর্শন অসম্পূর্ণ রেখেই প্রতিনিধিদলটি সেখান থেকে ফিরে যায়।
আশুতোষ রাঙ্কা সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণেই তারা বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছিলেন। এ বিষয়ে পুলিশকেও আগে জানানো হয়েছিল। তার অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতার প্ররোচনায় বাইরে থেকে আসা কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলায় সিজেপির কর্মীদের মারধর করা হয়েছে, মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে এবং দলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দলের এক সদস্যের হাত ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি।
সিজেপির সদস্য শিবাঙ্গী শর্মা বলেন, স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে এবং দলের অন্য নারী সদস্যদের উত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
অন্যদিকে, বিজেপির জয়পুরের বিধায়ক স্বামী বালমুকুন্দাচার্য সিজেপির বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন। তার দাবি, গ্রামবাসী নিজেরাই সিজেপির উপস্থিতিতে আপত্তি জানিয়েছেন। তারা শিশুদের শিক্ষাজীবনে কোনো ধরনের ব্যাঘাত চান না।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, তাদের এলাকায় রাস্তাঘাট ও বিদ্যালয়ের মতো মৌলিক উন্নয়নও হয়নি।
ঘটনাটি নিয়ে রাজস্থান বিধানসভাতেও উত্তেজনা দেখা দেয়। সেখানে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন।
কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা এ হামলার জন্য বিজেপিকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী জওহর সিং বেধাম। তার দাবি, সিজেপির আড়ালে মূলত কংগ্রেসই এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
























