হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা
- আপডেট সময় ০৬:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 16
অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনুসরণ করে ম্যাক (Mac) ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের সংস্করণ চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আইফোন ও আইপ্যাডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ম্যাক অ্যাপ স্টোরের মাধ্যমে আপডেটটি সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানো শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব ম্যাক ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।
নতুন আপডেটে মেসেজিং ফিচার বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোনো নতুন সুবিধা যোগ করার পরিবর্তে ইন্টারফেসের নকশা ও ব্যবহার অভিজ্ঞতার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নতুনভাবে সাজানো সাইডবার, পরিমার্জিত চ্যাট বার, হালনাগাদ অ্যাটাচমেন্ট মেনু এবং আরও সহজ নেভিগেশন সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে অ্যাপটি অ্যাপলের সর্বশেষ সফটওয়্যার ডিজাইন নীতির সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
এই সংস্করণে লকড চ্যাট এবং কমিউনিটিজের জন্য পৃথক বিভাগ যুক্ত করা হয়েছে। আগে লক করা চ্যাটগুলো সাধারণ চ্যাটের সঙ্গে দেখা গেলেও এখন সেগুলো আলাদা সেকশনে রাখা হবে। পাশাপাশি আইফোনের মতো ম্যাকেও লকড চ্যাটে প্রবেশের আগে ব্যবহারকারীর পরিচয় যাচাই (অথেনটিকেশন) করতে হবে।
এ ছাড়া কমিউনিটিজের জন্যও সাইডবারে পৃথক বিভাগ যুক্ত করা হয়েছে। এতে মূল চ্যাট তালিকায় না গিয়েই ব্যবহারকারীরা সহজে কমিউনিটিজে প্রবেশ করতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আইওএস ডিভাইসে প্রথম ‘লিকুইড গ্লাস’ অনুপ্রাণিত ইন্টারফেসের পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। পরে ২০২৬ সালের শুরুতে এটি আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে ম্যাক সংস্করণে কিছু ছোটখাটো নকশাগত পরিবর্তন এলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ নতুন ডিজাইনের সংস্করণ প্রকাশ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আইফোন, আইপ্যাড ও ম্যাকজুড়ে একই ধরনের ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করার অ্যাপলের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ডেস্কটপ প্ল্যাটফর্মের উন্নয়নে মেটা ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে, কারণ ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগে এখন অনেক ব্যবহারকারী একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন।

























