বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ
- আপডেট সময় ০৬:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 15
আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের হারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বড় স্বস্তি পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার দৌড়ে শীর্ষ আট দলের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আট দল হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
তবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা এখনই শতভাগ নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে প্রস্তাবিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ালে সেটির ফল বাংলাদেশের র্যাঙ্কিং অবস্থানে প্রভাব ফেলতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া ৩০ সেপ্টেম্বরের কাট-অফে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। বাকি চারটি দলের জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
বর্তমান হিসাব অনুযায়ী, ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ অনুষ্ঠিত হলে এবং বাংলাদেশ তিন ম্যাচেই হেরে গেলে চূড়ান্ত হিসাবের জন্য অপেক্ষা করতে হতে পারে। সিরিজের ফল অনুযায়ী বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট নতুন করে হিসাব করা হবে।
অন্যদিকে ভারত সিরিজটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার পথে অতিরিক্ত কোনো জটিলতা থাকবে না। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থানের ভিত্তিতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশের জন্য স্বস্তির আরেকটি বিষয় ওয়েস্ট ইন্ডিজের অবস্থান। বর্তমানে র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ক্যারিবীয় দল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ আটে ওঠার সুযোগ নেই। ফলে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে তাদের বাছাইপর্বে খেলতে হবে। আগামী ফেব্রুয়ারিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে। বিশ্বকাপের ১৪তম আসর ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ।
আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের হার বাংলাদেশের জন্য তাই সরাসরি বিশ্বকাপে খেলার সমীকরণ অনেকটাই সহজ করে দিয়েছে। এখন নজর ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিরিজটি মাঠে গড়ায় কি না এবং অনুষ্ঠিত হলে সেখানে বাংলাদেশের ফল কী হয়, তার ওপর।

























