সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৩:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 32
সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহায়তা, যৌথ মহড়া এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo) সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস (Minerva-class) কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করেছে ইতালি সরকার। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (OPV) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে জাহাজ সংগ্রহের প্রস্তাব উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশীয় কর্মকর্তা এবং সাতটি বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
পাশাপাশি বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ (SAR), ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার (VBSS), ড্রোন পরিচালনা (UAV/UAS) এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (MDA) ডেটা বিশ্লেষণ।
জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এসব উদ্যোগের মাধ্যমে দুই বাহিনীর পারস্পরিক সমন্বয় ও যৌথভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালির প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























