দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান
- আপডেট সময় ০২:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 25
দুই বছরের বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সিরিজ জয়ের অপেক্ষার অবসান ঘটল বাবর আজমের দলের। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান।
শুক্রবার (২০ নভেম্বর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জয় নিশ্চিত করে পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৯০ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা। একই মাঠে অনুষ্ঠিত প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই জয়ের মধ্য দিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় পাকিস্তান। লাহিরু কুমারার বলে বোল্ড হওয়ার আগে ১৩ রান করেন তৈয়ব আরিফ। এরপর আসিথা ফার্নান্দোর শিকার হয়ে ৪ রানেই সাজঘরে ফেরেন মোহাম্মদ তাহা।
তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি আজান আওয়াইস ও আমের জামাল। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২২ বলে ৫টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন আমের জামাল। তাঁর ব্যাট থেকেই আসে জয়সূচক বাউন্ডারি। অন্য প্রান্তে ৩৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন আজান আওয়াইস।
এর আগে চতুর্থ দিনের খেলা শুরুতে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯ উইকেটে ৩০৯ রান। দিনের শুরুতে আর মাত্র ৭ রান যোগ করেই শেষ উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আসিথা ফার্নান্দো। ফলে ৩১৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।
দলের হয়ে মিলান রত্নায়েকে ৮৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৬ রান করে অপরাজিত থাকেন। এর আগে অধিনায়ক কুশল মেন্ডিস ৫৩ এবং সোনাল দিনুশা ৫৪ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও আমের জামাল তিনটি করে উইকেট নেন।
ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাকিস্তানের তিন পেসার মোহাম্মদ আব্বাস, আমের জামাল ও রাজাউল্লাহর বোলিং তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয় সফরকারীরা। তিন বোলারই তিনটি করে উইকেট শিকার করেন।
জবাবে গাজি ঘোরির ৫৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩২৫ রান সংগ্রহ করে পাকিস্তান। এতে ২২৭ রানের বড় লিড পায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা পাঁচটি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ইনিংস ব্যবধানে হার এড়াতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি শ্রীলঙ্কা।
এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি দলটি।
শ্রীলঙ্কার বিপক্ষে এবারের জয় দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও নিজেদের প্রথম সিরিজ জয় তুলে নিল পাকিস্তান।


























