তেলের দাম অন্য দেশের তুলনায় কম: রিজভী
- আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 26
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান বহন করতে হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে এবং জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে লোকসান বহন করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি তেলের ব্যয়ের হিসাব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রতি লিটার ডিজেল কিনতে ২৫০ টাকা খরচ হচ্ছে। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে জানান তিনি।
দেশে জ্বালানি সংকটকে কেন্দ্র করে কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হচ্ছে। এর সঙ্গে ‘পতিত স্বৈরাচার’-এর যোগসাজশ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করেন তিনি।
লংমার্চের কর্মসূচিতে সরকার ও বিএনপির বিরুদ্ধে ব্যবহৃত ভাষার সমালোচনা করে রিজভী বলেন, এ ধরনের ভাষা কাম্য নয়। জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের ভেতরে থাকা একটি অংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তাঁর অভিযোগ, ‘ফ্যাসিবাদের’ দোসররা প্রশাসনের মধ্যে থেকে অন্তর্ঘাত বা নাশকতার চেষ্টা করছে। গোপনে কেউ ‘পরাজিত শক্তির’ সঙ্গে হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

























