মেয়েদের জমি দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা
- আপডেট সময় ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 19
ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ভাই, ভাতিজা ও ভাগিনার বিরুদ্ধে। শুধু ঘরে তালা দেওয়াই নয়, রান্নার চুলা ভেঙে ফেলা এবং গাছ কেটে চলাচলের পথ বন্ধ করে দেওয়ারও অভিযোগ রয়েছে। বর্তমানে অসুস্থ ওই বৃদ্ধ ঘরের সামনেই খোলা আকাশের নিচে বিছানা পেতে দিন কাটাচ্ছেন।
গত বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর ছাত্তার খানের কোনো ছেলে নেই। তাই তিনি নিজের জমি ছয় মেয়ের নামে লিখে দেন। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য এক মেয়ের বাড়িতে যান তিনি। এদিকে জমি লিখে দেওয়ার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তাঁর ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদার। অভিযোগ রয়েছে, তাঁরা আব্দুর ছাত্তার খানের ঘরে তালা লাগিয়ে দেন, রান্নার চুলা ভেঙে ফেলেন এবং গাছপালা কেটে ঘরের সামনে ফেলে রাখেন। এতে ঘরের দরজা ও চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে ঘরে তালা ঝুলতে দেখে বিপাকে পড়েন ওই বৃদ্ধ। অসুস্থ শরীর নিয়ে তিনি বর্তমানে ঘরের বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
কান্নাজড়িত কণ্ঠে আব্দুর ছাত্তার খান বলেন, তাঁর কোনো ছেলে নেই এবং দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী। কখন মারা যান, তা অনিশ্চিত ভেবেই মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন। এ কারণে তাঁর ভাই, ভাতিজা ও ভাগিনা ঘরে তালা দিয়েছেন। অসুস্থ শরীর নিয়ে অনুরোধ করলেও তাঁরা তালা খুলছেন না। এলাকার মানুষও ভয়ে তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায়বিচার চান তিনি।
প্রতিবেশী আলী আজগর বলেন, মেয়েদের নামে জমি লিখে দেওয়ার কারণে বৃদ্ধের ভাতিজা ও ভাগিনা ঘরে তালা দিয়েছেন এবং গাছ কেটে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের মামলার হুমকির কারণে কেউ এগিয়ে আসতে সাহস পাননি।
তবে অভিযোগ অস্বীকার করে বৃদ্ধের ভাই মোস্তফা খান বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় চুরির আশঙ্কায় ঘরে তালা দেওয়া হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে বৃদ্ধের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























