বিরোধীদল বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি চৌধুরী
- আপডেট সময় ০৩:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 36
বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর শহীদ মাজহারুল মনি উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর রক্ষা বাঁধের কাজ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, বিরোধীদলের কিছু নেতাকর্মী মানুষের কাছে গিয়ে নিজেদের ‘আল্লাহর দল’ হিসেবে তুলে ধরছে এবং বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। তিনি এ ধরনের বক্তব্যের সমালোচনা করেন।
জামায়াত-শিবিরের সমালোচনা করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন নারীঘটিত অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের খবর দেখা যায়। তার দাবি, তারা বিভিন্ন অপকর্মে জড়িত।
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রসঙ্গও অনুষ্ঠানে তুলে ধরেন এ্যানি চৌধুরী। তার দাবি, দল থেকে বহিষ্কারের পরও তাকে পুরোপুরি মন থেকে বহিষ্কার করা হয়নি।
এ্যানি চৌধুরী আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে মাত্র সাত মাস হয়েছে। এত অল্প সময়ে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। বিএনপির শপথ অনুষ্ঠানে জামায়াত অংশ না নিলেও এখন তারা সরকারের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সখ্য ছিল। এখন আবার তারা একই ধরনের রাজনৈতিক অবস্থান তৈরি করে বিএনপি সরকারকে চাপে রাখার চেষ্টা করছে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, তিনি ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে নেবেন না; সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেই কাজের হিসাব নেবেন। কোনো কাজে অনিয়ম হলে এর দায় কর্মকর্তাদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
























