শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণবারসহ যাত্রী আটক
- আপডেট সময় ১২:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 12
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর লাগেজ স্ক্যান করা হয়।
শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা যাচাইয়ের জন্য স্ক্যান করা হলে ওই যাত্রী নিজের কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

























