টঙ্গীতে ছাত্রলীগ নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল
- আপডেট সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 24
গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী আটক হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজারের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গীর সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে আসেন তানিয়া। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করে আটক করেন।
তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন তিনি।
সম্প্রতি গোপালগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন তানিয়া। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তানিয়া আক্তার তাপসী। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওসি আরও বলেন, তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























