দক্ষিণ সুদানে হামলায় শিশুসহ নিহত ২৪
- আপডেট সময় ০১:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 18
দক্ষিণ সুদানে বিরোধী সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারীও রয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত থেকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির বল বল বোমা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেন টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ। তিনি জানান, হামলাকারীরা পার্শ্ববর্তী ইউনিটি স্টেট থেকে এসেছিলেন। তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত সশস্ত্র বাহিনী এসপিএলএ-আইওর সদস্য।
বিথ বলেন, হামলায় পশুপালকসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ১৫ বলে জানানো হয়েছিল। পরে নতুন করে হতাহতের তথ্য পাওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, হামলায় এসপিএলএ-আইও বাহিনীর ইউনিফর্ম পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে একটি দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওয়ারাপ রাজ্যে সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে রাজ্যের দুটি জেলার বাসিন্দাদের মধ্যে মাকুয়াচ শহরের একটি বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন।
এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আন্তঃসম্প্রদায়গত সংঘাতে অন্তত ৭২ জন নিহত হন।
এ অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলে আসছে। অবৈধ ও সহজলভ্য আগ্নেয়াস্ত্রের বিস্তারও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। তবে স্বাধীনতার মাত্র দুই বছর পর, ২০১৩ সালে দেশটিতে প্রেসিডেন্ট সালভা কির ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা ওই সংঘাতে চার লাখের বেশি মানুষ নিহত হন। পরে শান্তিচুক্তির মাধ্যমে সংঘাত বন্ধের উদ্যোগ নেওয়া হলেও দেশটিতে রাজনৈতিক বিরোধ ও সশস্ত্র সংঘর্ষ পুরোপুরি থামেনি।
সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার ২০২৫ সালের মার্চ থেকে গৃহবন্দি রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে তার অনুগত বাহিনী এবং প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থক বাহিনীর মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।






















