নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 27
জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সনদে স্বাক্ষরকারী বিভিন্ন রাজনৈতিক দলের কিছু বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দেওয়া এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দলের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত ছিলেন। একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং আরেকটি দলের প্রতিনিধি অসুস্থতার কারণে আসতে পারেননি। সব মিলিয়ে ১৭টি দলের অংশগ্রহণ ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো নতুন প্রস্তাব এলে সেটিও পরামর্শ হিসেবে বিবেচনা করা হবে। নতুন প্রস্তাব থাকলে তা লিখিতভাবে কমিটির কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।
কমিটির কাজ দ্রুত শেষ করতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনার কথা জানান সালাহউদ্দিন। ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, তার প্রতিফলন রয়েছে জুলাই সনদে। এসবের কিছু সংবিধান সংশোধন এবং কিছু আইন, বিধি বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।
নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। কোনো দল কোনো বিষয়ে ভিন্নমত পোষণ করলে তা নির্বাচনি ইশতেহারে তুলে ধরে জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে বলেও জানান সালাহউদ্দিন।
উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ সংসদ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে, আবার কেউ মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। আলোচনার মাধ্যমে এসব বিষয় বিবেচনা করা হবে।
বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণাকে অসত্য বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও প্রক্রিয়াটি একপাক্ষিক নয় বলে জানান তিনি। জুলাই সনদে স্বাক্ষর না করা রাজনৈতিক দলগুলোও আলোচনায় অংশ নিতে চাইলে সুযোগ পাবে। নিবন্ধিত ও অনিবন্ধিত কোনো দল লিখিত বক্তব্য বা প্রস্তাব দিলে সেটিও কমিটি বিবেচনা করবে।






















