হ্যাকিং শুরু করেছে জেমিনাই
- আপডেট সময় ১২:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 27
হ্যাকিং এর জগতে নতুন হুমকি হিসেবে দাঁড়িয়েছে গুগলের কৃত্তিম বুদ্ধিমত্তা মডেল “জেমিনাই”। সাইবার-নিরাপত্তা সক্ষমতার পরীক্ষা চালানোর সময় তিনটি কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেছে গুগলের জেমিনাই। গুগল জানিয়েছে, এটিই জেমিনাইর করা প্রথম হ্যাকের ঘটনা।
গুগলের এক কর্মকর্তা জানিয়েছেন, জেমিনাই অনলাইনে থাকা তথ্য বিশ্লেষণ করে কোম্পানির ওয়েবসাইটে প্রবেশের আইডি পাসওয়ার্ড অনুমান করেছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ওয়েবসাইটে প্রবেশের পরেও জেমিনাই থেমে গিয়েছিল। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই অননুমোদিত প্রবেশের বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে গুগল। গুগলের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানান, তিনটি ঘটনাতেই জেমিনাই একপর্যায়ে হ্যাকিংয়ের চেষ্টা বন্ধ করে দেয়।
সম্প্রতি অন্যান্য এআই সিস্টেমের ক্ষেত্রেও অননুমোদিত প্রবেশের এমন ঘটনার কথা জানা গেছে। জুলাই মাসে অ্যানথ্রোপিকের “ক্লড” নির্ধারিত পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজে থেকেই তিনটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল। এর ঠিক কয়েক দিন আগেই ওপেনএআই জানিয়েছিল, তাদের মডেলগুলো সাইবার-হামলা চালিয়েছে। সে সময় জানানো হয়েছি, পরীক্ষার সময় তাদের কিছু এআই মডেল ভুলভাবে ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ওই ঘটনার পর প্রতিষ্ঠানটির এক গবেষক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে পদত্যাগ করেন।
এদিকে, এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। তার আশঙ্কা, দ্রুত অগ্রগতির ফলে এআই শীঘ্রই মানবজাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ও ইলন মাস্কও এ আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন।
এ ধরনের ঘটনায় এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কৃত্তিম বুদ্ধিমত্তা আরও স্বায়ত্তশাসিত হয়ে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবস্থায় সরাসরি প্রবেশের সুযোগ পেলে, তাদের নিয়ন্ত্রণে বেশ কঠিন হয়ে পরবে। এমন অবস্থায় ঠিক কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

























