ইরানকে রাশিয়া ও চীনের সহায়তা নিয়ে যা বললেন ট্রাম্প
- আপডেট সময় ১১:১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 23
ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটিকে রাশিয়া ও চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে, এমন খবরকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সংঘাতে দেশ দুটির সম্পৃক্ততা খুবই সীমিত।
ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। তবে বিষয়টিকে তিনি তেমন গুরুত্ব দেননি।
ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক অসাধারণ হয়েছে। তাঁর ভাষ্য, ইরানের সঙ্গে সংঘাতে চীন খুব বেশি জড়িত নয়। তিনি বলেন, ‘তারা জড়াতে পারে, তবে আমার কাছে সম্পৃক্ততা বলতে বোঝায় গুলি চালানো, সামান্য কিছু তথ্য সরবরাহ করা নয়।’
যুক্তরাষ্ট্রও অন্য দেশের ওপর নজরদারি করে বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া ও চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর গোয়েন্দা নজরদারি চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও তাদের ওপর একই কাজ করে।
ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না, তারা খুব বেশি তথ্য দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ও চীন উভয় দেশই ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান দেখতে চায়। এ ক্ষেত্রে দেশ দুটি তাঁকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ইরান যুদ্ধ শুরুর কয়েক দিন পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের মিত্ররা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে। এসব তথ্যের মধ্যেই রাশিয়া ও চীনের ভূমিকা নিয়ে ট্রাম্পের বক্তব্য সামনে এসেছে।
























