হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৬ তেলবাহী জাহাজে হামলা
- আপডেট সময় ০৪:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 38
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় এক সপ্তাহের ব্যবধানে ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আরও কমেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে প্রণালিটি দিয়ে নৌযান চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
শুক্রবার প্রকাশিত এক সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজ হামলার শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর দুটি জাহাজকে জরুরি সহায়তা নিতে হয়েছে। বাকি চারটি ঘটনার বিস্তারিত পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।
গত ১৭ নভেম্বর ওমানের খাসাব শহরের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির একজন ক্রু সদস্য নিখোঁজ হন এবং আহত হন আরও ১১ জন।
হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাহাজের ক্রুদের সরিয়ে নেওয়া হয়। পরে ট্যাংকারটি টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।
প্রতিবেদনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিসংখ্যানেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত সাত দিনে প্রণালিটি দিয়ে ১১৫টি জাহাজ বের হয়েছে এবং প্রবেশ করেছে ১৪৮টি। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৩৯ ও ১৬৯। অর্থাৎ, দুই দিকেই জাহাজ চলাচল কমেছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পণ্য পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, ওই অঞ্চলে নতুন করে হামলার আশঙ্কা প্রবল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলা ও জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা

























