নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, আটক ১০৩ জন
- আপডেট সময় ০৬:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 30
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অংশগ্রহণের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন শত শত সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং যুদ্ধবিরোধী স্লোগান দেওয়ার সময় পুলিশ অস্কারজয়ী হলিউড অভিনেত্রী সুসান সার্যান্ডন, জনপ্রিয় কমেডি সিরিজ হ্যাকস–এর তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ মোট ১০৩ জনকে আটক করে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তর থেকে কয়েক ব্লক দূরে ফার্স্ট অ্যাভিনিউতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড এবং তাদের পরনে ছিল “বোমায় নয়, মানুষের জন্য অর্থ দিন” লেখা টি–শার্ট। বিভিন্ন প্ল্যাকার্ডে “ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ কর” এবং “গণহত্যা থামাও” স্লোগানও দেখা যায়।
এই কর্মসূচিতে শুধু সুসান সার্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডারই নন, সেক্স অ্যান্ড দ্য সিটি–খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, প্রখ্যাত নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েল–সহ বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক পরিচিত ব্যক্তি অংশ নেন।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জিউইশ ভয়েস ফর পিস–এর আহ্বানে এই বিক্ষোভের আয়োজন করা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক পুলিশ অভিযান চালায় এবং বিক্ষোভস্থল থেকে ১০৩ জনকে আটক করে। পরে তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
গাজায় চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে নেতানিয়াহু ও ইসরায়েল সরকার গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
আটকের পর ইনস্টাগ্রাম স্টোরিতে হান্নাহ আইনবাইন্ডার লিখেছেন, তাদের গ্রেপ্তারের ছবি যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তবে সেই মনোযোগ যেন গাজা ও দক্ষিণ লেবাননের সংঘাতে প্রাণ হারানো মানুষের প্রতি নিবেদিত হয়।
সূত্র: সিএনএন

























