নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
- আপডেট সময় ০৯:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 13
অভিনেতা সোহেল খানকে তার নিজ গ্রাম ঢাকার ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গ্রামের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়িতে শোকাতুর স্বজন ও এলাকাবাসীর ভিড় জমে। সেখানে অনেককে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে বসে থাকেন।
অভিনয়ের ক্ষেত্রে সোহেল খানের বিশেষত্ব ছিল স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতিকে পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরা। নিজের এলাকার ভাষা, রীতিনীতি ও আচার-ব্যবহার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন তিনি। তার এই গুণের পাশাপাশি নিরহংকার স্বভাবের কথাও স্মরণ করছেন স্বজনেরা।
সোহেল খানের ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনো কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনো ভেদাভেদ ছিল না।’
অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার বাইরেও গ্রামের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সোহেল খান। স্থানীয় বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততার কথা জানিয়েছেন আত্মীয় ও এলাকাবাসী।
তার আত্মীয় মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে, সেটির পেছনে মূল ভূমিকাই ছিল সোহেল মামার। সামাজিক এবং গ্রামের উন্নয়নের জন্য যেকোনো কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজের মধ্যেই তিনি ছিলেন উদ্যোগী।’
সোহেল খানের ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিমও তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনো রাগ করেনি; উল্টো বলত, মিয়া ভাই আমার গালে একটা থাপ্পর মারেন। তবুও আমি আপনার কাছে আসব, নানা আবদার করব।’
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার অভিনীত ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। অভিনেতার সঙ্গে শেষ কয়েক দিনের স্মৃতি এবং কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।’
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত একটি সিনেমায় অভিনয় করছিলেন সোহেল খান। শুটিংয়ের কাজে গত চার দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও প্রযোজকের সঙ্গে তার কথা হয়েছিল। সেদিন রাত ১১টার দিকে শুটিং শেষ হয়।
আরশাদ আদনান বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব।’
তিনি আরও বলেন, ‘শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’
টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান সোহেল খান। পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়।
এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেন তিনি।
এসব চলচ্চিত্রে কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সোহেল খানকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
























