মৃত্যুর আগে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- আপডেট সময় ০৬:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 14
প্রয়াত পোপ ফ্রান্সিস জীবদ্দশায় তিনবার শয়তানকে দেখেছিলেন বলে দাবি করেছেন। মৃত্যুর আগে লেখা ব্যক্তিগত ডায়েরিতে এসব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি। এমনকি এক রাতে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথাও ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে তার ব্যক্তিগত ডায়েরির এসব তথ্য উঠে এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ সংকলন করা হয়েছে। এসব লেখায় তার উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে।
ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক ডিকাস্টেরির প্রধান ফার্নান্দেজ জানিয়েছেন, নিজের কালো রঙের ব্যক্তিগত ডায়েরিতে লেখা ভাবনাগুলো জনসমক্ষে প্রকাশের জন্য তাকে অনুরোধ করেছিলেন পোপ ফ্রান্সিস।
২০২৫ সালে ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন ফার্নান্দেজ। তার আশঙ্কা ছিল, বইটি হয়তো কোনো গুদামে পড়ে থাকবে। পরে এর কিছু অংশ প্রকাশের অনুমতি দেওয়া হয়। সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়, ফ্রান্সিসের আধ্যাত্মিক ভাবনাগুলো মানুষের উপকারে আসতে পারে।
বইটির সবচেয়ে আলোচিত অংশে পোপ ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনি তিনবার শয়তানকে দেখেছিলেন। এর মধ্যে একবার বাড়ি ফেরার পথে গাড়িতে, দ্বিতীয়বার একটি প্রার্থনাসভার সময় গায়কদলের মধ্যে এবং তৃতীয়বার চিলি সফর শেষে রোমে অবস্থানকালে।
এএফপির দেখা বইটির ফরাসি সংস্করণের অগ্রিম কপি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে ফ্রান্সিস লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, শয়তান নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছিল, ধূর্ততার সঙ্গে ঘুরপাক খাচ্ছিল।’
তিনটি ঘটনার কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, ওই তিন ঘটনায় সে সশরীরে উপস্থিত হয়েছিল।’
প্রথম ঘটনার বর্ণনায় ফ্রান্সিস লিখেছেন, প্রায় ১৫ বছর আগে গাড়ির জানালা দিয়ে তিনি শয়তানকে দেখেছিলেন। তার ভাষায়, ‘তার সেই ভয়ংকর অথচ একই সঙ্গে আকর্ষণীয় চোখ দুটি আমি ভুলব না।’
দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল একটি কারমেলাইট চ্যাপেলের ভেতরে। ওই অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে ফ্রান্সিস জানান, শয়তান জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টি আগেরবারের চেয়েও তীব্র ছিল। চোখ দুটি আগুনের ঝলকের মতো মনে হয়েছিল বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।
তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। এ বিষয়ে ফ্রান্সিস লিখেছিলেন, ‘আমি তাকে দেখেছি এবং তার কণ্ঠস্বর শুনেছি। সেই কণ্ঠ ছিল বিজয়ী ও সর্বশক্তিমান।’
তিনি আরও লিখেছিলেন, ‘তার কণ্ঠের সেই বলিষ্ঠ ও কর্কশ স্বর আমি ভুলতে পারি না।’ তবে ঈশ্বর তাকে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি।
শুধু শয়তানকে দেখার অভিজ্ঞতাই নয়, ২০১৮ সালের ৭ জুনের ডায়েরিতেও একটি ভীতিকর ঘটনার কথা লিখেছিলেন ফ্রান্সিস। আগের রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
ওই অভিজ্ঞতার বর্ণনায় তিনি লিখেছিলেন, ‘পৌত্তলিক প্রলোভনের পূর্ণ শক্তি। কিছুক্ষণ তা দেখেছিলাম, আর দৃশ্যটি আমাকে আতঙ্কিত করে তুলেছিল।’ সে সময় ‘জপমালাকে অস্ত্র হিসেবে তুলে নিয়েছিলেন’ বলেও জানান তিনি।
ডায়েরিতে ফ্রান্সিস আরও লিখেছিলেন, ‘নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।’
দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ২১ এপ্রিল রোমে মারা যান পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
তার প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেন তিনি।
























