৩ শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে চায় ইরান
- আপডেট সময় ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 24
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, কাতারের মাধ্যমে এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
শনিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার চেষ্টা চলছে।
ইরানের তিন শর্ত হলো—সব ধরনের যুদ্ধ বন্ধ করা, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া। এসব শর্ত পূরণ হলে যুদ্ধ বন্ধ করে পরবর্তী আলোচনা শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।
রেজাই আরও বলেন, ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে তেহরান। প্রয়োজন হলে ইরান বড় ধরনের যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি।
তার দাবি, মার্কিন সামরিক সক্ষমতার দুর্বল দিকগুলো সম্পর্কে ইরান জানে। আগের তুলনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা মোকাবিলায় ইরান এখন বেশি প্রস্তুত। সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর জন্য কাতার ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে আসছে। গত মাসে দুই দেশের একটি সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
























