ফিলিস্তিনিদের পাশে সবসময় থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৬:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 16
ফিলিস্তিনে নির্যাতনের শিকার মানুষের পাশে বাংলাদেশ সবসময় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ ও তাদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জবাবে হুমায়ুন কবির ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। অধিকৃত পশ্চিম তীরের ‘ই-ওয়ান’ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনারও তীব্র সমালোচনা করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী।
বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ-ফিলিস্তিনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।























