সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০
- আপডেট সময় ১০:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 27
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, সোমবার রাতের হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০ জন ছাড়িয়েছে।
শহরের এক বাসিন্দা জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে বাজারটিতে হামলা হয়। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরাও যাতায়াত করতেন। বিশেষ করে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। শহরটিতে নিজস্ব প্রশাসন গড়ে তুলেছে বাহিনীটি। এর মাধ্যমে খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে তারা।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই লড়াইয়ে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।
আরএসএফের নিয়ন্ত্রণাধীন নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।






















