উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় ০৬:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 40
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতের আগের উন্নয়ন কার্যক্রম নিয়ে সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ওই সময়ে আনা কিছু যন্ত্রপাতি ব্যবহার অনুপযোগী ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, শুধু অর্থ ব্যয় করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫১-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের শয্যাসংখ্যা ১৩৫ থেকে ২৫০-এ উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান তাদের সুযোগ তৈরি করেছে।
চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন হাসপাতালে তাদের প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চীনে বাংলাদেশি চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে চীনা বিশেষজ্ঞরাও বাংলাদেশে এসে চিকিৎসকদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন।
একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসকদের চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
















