নিঃস্ব’তে শাকিবের সঙ্গে বলিউড চমক
- আপডেট সময় ০২:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 14
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমাটিতে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে বলে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে আবারও দেশটিতে যান শাকিব খান। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সোমবার নাগাদ দেশে পৌঁছানোর কথা এই অভিনেতার।
ঢাকায় ফিরেই ‘নিঃস্ব’ সিনেমার টিমের সঙ্গে বৈঠকে বসবেন শাকিব। আগামী সপ্তাহে রাজধানীতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকায় দুই দিনের শুটিং শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানে শুরু হবে শাকিবের শুটিং। কলকাতায় টানা এক মাসের বেশি সময় ধরে সিনেমাটির কাজ চলতে পারে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য ইধিকা পালের নাম আলোচনায় রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে পারেন শাকিব-ইধিকা। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।
এদিকে, খলনায়কের চরিত্রে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। তবে ওই অভিনেতার নাম কিংবা চুক্তির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।























