মোহাম্মদপুরে মাদকসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় ১১:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 22
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে কফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন শামীম। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং নিষিদ্ধ দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।
























