ঢাকায় আত্মগোপনে থাকা আ: লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান চালাবে পুলিশ
- আপডেট সময় ০৮:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 20
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজধানীতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, নাশকতা রোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
নিয়াজ মেহেদী বলেন, বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা আশ্রয় নিয়েছেন ও পালিয়ে আছেন, তাঁদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।
এডিসি আরও বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।
নিয়াজ মেহেদী জানান, বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

























