পদত্যাগের গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান সংসদ সদস্য আশফাকের
- আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 16
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তাঁর দাবি, গত দুই দিন ধরে একটি গুপ্ত চক্র ফেসবুকে এ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার (১৮ নভেম্বর) তাঁর একান্ত সহকারী শামীম আহসানের পাঠানো এক বার্তায় খন্দকার আবু আশফাক এসব কথা জানান।
বার্তায় তিনি দোহার-নবাবগঞ্জবাসী ও দেশে-বিদেশে অবস্থানরত এলাকার মানুষের উদ্দেশে বলেন, তাঁদের দেওয়া ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে আছেন এবং থাকবেন। বিএনপি সরকারকে দুর্বল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও দাবি করেন তিনি। এসব মিথ্যা ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।
আশফাক বলেন, তিনি এলাকাবাসীর পাশে থেকে উন্নয়ন ও শান্তির জনপদকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিষিদ্ধ গোষ্ঠী ও গুপ্ত আইডি ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব করে কোনো লাভ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের দেশবিরোধী চক্র থেকে সাবধান ও সতর্ক থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে খন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কঠোর পরিশ্রম করছেন। তাঁকে অনুসরণ করে তিনি এলাকার মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন। এলাকাবাসীর সহযোগিতায় আগামীতে তাঁর এগিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত হবে বলে তিনি বিশ্বাস করেন।






















