রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১
- আপডেট সময় ০১:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 25
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী ও কাফরুল থানা এলাকায় পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি।
সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
























