হাসিনা নিরীহ আ.লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছেন: রিজভী
- আপডেট সময় ১০:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 13
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আন্দোলনের নামে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তিনি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন। তবে ফ্যাসিবাদীরা তা মেনে নিতে পারছে না।
রিজভী বলেন, চার-পাঁচ দিন আগে নড়াইলে বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর রহমানকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, পদ্মা নদীর তীরবর্তী ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা হত্যা, রক্ত আর লাশ ছাড়া যেন রাজনীতি করতে পারেন না, কথাও বলতে পারেন না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে সেই চেষ্টা সফল হচ্ছে না।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে এত অরাজকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান গুলি চালানোর নির্দেশ দেননি। সভ্য মানুষ রাষ্ট্রক্ষমতায় থাকলে তারা অস্ত্র কিংবা হত্যার ভাষায় কথা বলেন না।
সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মো. রাসেদের সভাপতিত্বে এবং তানভীর আহমেদ অভির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















