ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগে পরিবহনের ১০টি বাস আটক
- আপডেট সময় ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 45
গণপরিবহনে অর্ধেক (হাফ) ভাড়া দেওয়া নিয়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি পরিবহনের বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই পরিবহনের ১০টি বাস আটক করে রেখেছেন।
শনিবার সকালে ইডেন মহিলা কলেজের সামনের সড়ক থেকে বাসগুলো আটকে কলেজের ভেতরে নিয়ে যান ছাত্রীরা। এ সময় তারা অভিযুক্ত পরিবহনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে শোভন আচরণ নিশ্চিত করার জোর দাবি জানান।
আন্দোলনরত ছাত্রী আলিফা রামিম জানান, গতকাল শুক্রবার ইডেন কলেজের এক শিক্ষার্থীর কাছে নীলাচল পরিবহনের এক সহকারী (হেলপার) নির্ধারিত অর্ধেক ভাড়ার পরিবর্তে অতিরিক্ত টাকা দাবি করেন। ভুক্তভোগী শিক্ষার্থী নিজের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখানোর পরও তার সঙ্গে অসদাচরণ করা হয়। অভিযুক্ত ওই কর্মীর ছবি ও ভিডিও ফুটেজ শিক্ষার্থীদের সংগ্রহে রয়েছে বলে জানান তিনি। মূলত এর প্রতিবাদেই বাসগুলো আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মেয়েরা প্রতিবাদ না করে নীরব থাকে বলে পরিবহনকর্মীরা তাদের দুর্বল ভেবে এমন আচরণ করার সাহস পায়। এ ধরনের হয়রানি স্থায়ীভাবে বন্ধের দাবিতেই তারা কঠোর অবস্থানে গেছেন। ইতোমধ্যে প্রায় ১০টি বাস আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, কলেজের অধ্যক্ষ ও হল সুপাররা আসছেন; তাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা নিজেদের দাবিগুলো তুলে ধরবেন।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল জানান, ভাড়া দেওয়া-নেওয়া কেন্দ্র করে এক ছাত্রীর সঙ্গে বাসের সহকারীর বাগ্বিতণ্ডার খবর পুলিশ পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের বক্তব্য শুনতে তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন। ছাত্রীদের অভিযোগগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
























