নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন ঢাকায় গ্রেফতার
- আপডেট সময় ০৪:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 42
খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাঈম হোসেন নয়নের বয়স ৩১ বছর। তিনি রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে নয়নকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে নয়নকে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
























