তল্লাশি চৌকিতে পুলিশকে ধাক্কা, দুই আরোহীকে খুঁজছে পুলিশ
- আপডেট সময় ০৩:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 51
রাজশাহীতে পুলিশের তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে মোটরসাইকেল দিয়ে এক উপপরিদর্শককে (এসআই) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই আরোহীর বিরুদ্ধে। এতে এসআই কিবরিয়া আহমেদ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে মহানগরের মতিহার থানার চৌদ্দপাই বিহাস মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ফেসবুক পেজে তাঁদের ছবি প্রকাশ করে শনাক্তে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় মতিহার থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের এক পাশে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে তল্লাশিচৌকির দিকে এগিয়ে আসে। পুলিশ সদস্যরা থামার সংকেত দিলেও সেটি না থেমে এগিয়ে যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি এক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজীউর রহমান বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে বিহাস মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র বহন ঠেকানোর পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট, নিবন্ধন, লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র যাচাই করা হচ্ছিল।
গাজীউর রহমানের ভাষ্য, ওই দুই আরোহীর মাথায় হেলমেট ছিল না এবং তাঁরা দ্রুতগতিতে আসছিলেন। পুলিশ তাঁদের থামার সংকেত দিলে তাঁরা তা অমান্য করে সজোরে পুলিশকে ধাক্কা দেন। এতে এসআই কিবরিয়া আহমেদ গুরুতর আহত হন।
পুলিশের এই কর্মকর্তা জানান, আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এরই মধ্যে আরএমপির ফেসবুক পেজে দুই মোটরসাইকেল আরোহীর ছবি প্রকাশ করা হয়েছে। তাঁদের শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। তথ্য থাকলে আরএমপির হটলাইন নম্বর ০১৩২০-০৬৩৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও একই ধরনের ঘটনায় মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০ আগস্ট এমন একটি ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
























