বরিশালে সাংবাদিক পুলকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 25
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) মরদেহ নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাঁচটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
মহানগরীর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি তার স্ত্রীর ফোন ধরছিলেন না। বিষয়টি তার স্ত্রী তাকে জানান। পরে শুক্রবার সন্ধ্যায় তিনি সমকাল কার্যালয়ে গিয়ে প্রবেশের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
তিনি জানান, সাবেক ব্যুরো প্রধান হিসেবে পুলক চ্যাটার্জির অনুরোধে কার্যালয়ে প্রবেশের একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, দিনের কোনো একসময় ওই চাবি ব্যবহার করে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। ঘটনার সময় অফিসের পিয়ন দীপক ছুটিতে থাকায় কার্যালয়ে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় পাঁচটি চিরকুট পাওয়া গেছে। এগুলো তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে লেখা বলে জানা গেছে।
প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে পুলক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে। সেখানে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়ও উল্লেখ ছিল। পাশাপাশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে তাদের প্রতি ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে নিজেদের জীবন এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গেছে।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে লেখা চিরকুটে তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে পরিবারের খোঁজখবর রাখার অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।
ছোট ভাই দীপক চ্যাটার্জি ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে পুলক তার স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ করেছেন বলে জানা গেছে।
দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিরকুটে একসঙ্গে দীর্ঘ সময় কাজ করার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়েছে। সমকালের কাছে তার পাওনা অর্থ থাকলে তা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করা হয়েছে বলে জানা গেছে।
পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরি হারান। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। মাঝেমধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, পুলক চ্যাটার্জি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সবার উপস্থিতিতে দরজা খুলে পুলিশ ভেতরে প্রবেশ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হবে। সিআইডির একটি দলও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে।























