কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- আপডেট সময় ০১:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 13
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে আলীনগর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ভোররাতে তারা মিয়াসহ চার থেকে পাঁচজনের একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, গুলির ঘটনার পর দলের অন্য সদস্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে তারা মিয়া নিহত হয়েছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।

























