সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- আপডেট সময় ০৯:০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 15
ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহির দাবিতে টানা ২৬ দিন অনশনের পর আন্দোলনকারী সমাজকর্মী সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছেন। সরকারের আশ্বাস এবং সম্ভাব্য সহিংসতা এড়ানোর কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখ অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।
সোনাম ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি অনশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। টানা অনশনের কারণে তার ওজন প্রায় ১১ কেজি কমে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
অনশন ভাঙার সময় সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস পড়ে শোনান কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা। তিনি জানান, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে ক্ষতিপূরণ, শিক্ষাসচিবকে অপসারণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে।
গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে যৌথভাবে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক। পরে তাকে সেখান থেকে আটক করে প্রথমে সরকারি হাসপাতালে এবং পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়।
‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের ফুনসুক ওয়াংডু চরিত্রের অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ এর আগেও লাদাখের অধিকার ও ষষ্ঠ তফসিলের দাবিতে একাধিকবার দীর্ঘ অনশন ও আন্দোলনে অংশ নিয়েছেন।























