শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের অনুরোধ
- আপডেট সময় ১০:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 23
ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার। আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুসরণ করার স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার, ১০ জুলাই তথ্য অধিদপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এ অনুরোধ জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।
সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন।





















