জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৮:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 21
এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পাশাপাশি সদ্য পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সে জন্য তাদের উপহার দেওয়া হবে। শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি উৎসাহ বাড়াতে প্রধানমন্ত্রী ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার কথা চিন্তা করেছেন।
তিনি বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে একটি উপহার দেওয়ার বিষয়েও আজ জানানো হবে। সেটি হলো ‘পিংকি মোটরসাইকেল’। শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে বিলম্ব হচ্ছে। আমাদের কিছু জটিলতার কারণে এটি হচ্ছে। বিষয়গুলো নিয়ে আজকের এজেন্ডায় আলোচনা হবে।
তিনি আরও বলেন, বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষা গ্রহণসহ সামগ্রিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা ৫ শতাংশে উন্নীত করা হবে। শিক্ষায় এ ধরনের বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।






















