শেষ কর্মদিবসে কফিনে বিদ্যালয়ে প্রধান শিক্ষক
- আপডেট সময় ০৯:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 24
চাঁদপুরের হাজীগঞ্জে কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল প্রধান শিক্ষক তপন কুমার সাহার। সহকর্মীরা তার বিদায়ী সংবর্ধনার আয়োজন এবং ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই অনুষ্ঠান আর করা হলো না। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েক ঘণ্টা পর কফিনে করে নিজ কর্মস্থল রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় তার মরদেহ।
সোমবার (৩১ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। এ উপলক্ষে বিদ্যালয়ের সহকর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তার জন্য তৈরি করা হয়েছিল বিদায়ী ক্রেস্টও।
তবে ভোররাতেই বদলে যায় পুরো পরিস্থিতি। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত প্রায় ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন ৫৯ বছর বয়সী তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সহকর্মী তানজিলা আক্তার বলেন, তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু ভোররাতে ফোনে তার মৃত্যুর খবর পান তারা। রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়ার আগেই তপন কুমার সাহার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রবিউল আলম অরুণ বলেন, তপন কুমার সাহার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তার অতিথি হিসেবে থাকার কথা ছিল। অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানোর প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তাকে চিরবিদায় দিতে হয়েছে। তার মৃত্যুতে শিক্ষার্থীসহ সবাই ব্যথিত ও ভারাক্রান্ত বলে জানান তিনি।
কর্মজীবনের শেষ সময়ে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল তপন কুমার সাহার। এর পরিবর্তে কফিনে করে বিদ্যালয়ে ফিরতে হলো তাকে। তার এমন মৃত্যুতে বিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে শোকের আবহ।
মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।















