মাদকের সঙ্গে জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কার: বাবর
- আপডেট সময় ০৬:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 22
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন পৌরশহরে এক সভায় তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ মাদক সংশ্লিষ্টতায় জড়ালে তাকে প্রথমে চাকরিচ্যুত এবং পরে আইনের আওতায় নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী উপজেলায় আয়োজিত পৃথক সভাতেও তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বাবর বলেন, মাদক একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদক না পেলে অনেক আসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা এমনকি হত্যার মতো অপরাধেও জড়িয়ে পড়ে। তাই মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এলাকায় কোনো মাদকসেবী বা মাদক কারবারির তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে; এরপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মোহনগঞ্জের একটি সভায় দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেন বাবর। তিনি বলেন, প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করে সোলার প্যানেল স্থাপন করলে প্রতি মাসে প্রায় ৩ হাজার টাকা বিদ্যুৎ বিল কমানো সম্ভব। এতে দুই থেকে তিন বছরের মধ্যে বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। একটি সোলার প্যানেল ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোও সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে উল্লেখ করে বাবর বলেন, বাংলাদেশেও বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
সভায় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























