ভারত থেকে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি মৎস্যজীবী
- আপডেট সময় ০৭:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 3
ভারতের কোস্ট গার্ডের হাতে আটক ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার, ৭ জুন বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে তাদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার নৌকাও ফেরত আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সবসময় প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।
সম্প্রতি বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে ভারত থেকে কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টার খবর সামনে এসেছে। ভারত সরকার এসব ব্যক্তিকে ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে উল্লেখ করে আসছে। এ ধরনের ঘটনার জেরে সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনার খবরও পাওয়া গেছে।
এর মধ্যেই কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ৯১ বাংলাদেশি মৎস্যজীবীর প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।
























