কোরাইশমুন্সি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত
- আপডেট সময় ০৪:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 82
ফেনীর দাগনভূঞা উপজেলার বৃহৎ কোরাইশমুন্সি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) ভোর ৬টার দিকে বাজারের প্রধান সড়ক দাগনভূঞা রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার ওপরে হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ভোরে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহানে আশ্রাফের মুদি দোকান, আবদুল্লাহ আল মামুনের সুরুচি কনফেকশনারী, নাজমুল ফার্মেসী ও নূর আলমের কুমিল্লা স্পেশাল নামক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ নতুন পণ্য মজুত করে রাখা হয়েছিল বলে ব্যবসায়ীরা জানান।
ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার পরপরই ফেনী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। প্রাথমিক ধারণায় ফায়ার সার্ভিস টিম ও বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আশ্রাফের মুদি দোকানে ২৫ লাখ টাকা, সুরুচি কনফেকশনারী ও কুমিল্লা স্পেশাল দোকানে যৌথভাবে ৭০ লাখ টাকা এবং নাজমুল ফার্মেসীতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শাহাদাৎ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। মূলত ওই বৈদ্যুতিক খুঁটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


























