প্রধানমন্ত্রীকে বরণে চাঁদপুরে সাজ সাজ রব
- আপডেট সময় ১১:১৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 72
দীর্ঘ ২২ বছর পর ঐতিহ্যবাহী জেলা চাঁদপুরে সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৬ মে) সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর অভিমুখে রওনা হয়ে দিনভর খাল খননসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারপ্রধানের এই দীর্ঘ প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে চাঁদপুর জেলা বিএনপি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ (মানিক) জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে চাঁদপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এই সফরে স্থানীয়রা চাঁদপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড নির্মাণ, মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত স্থায়ী নদী তীররক্ষা বাঁধ নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ একগুচ্ছ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ এবং দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত প্রধান জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে তিনি রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং একই মঞ্চ থেকে দেশব্যাপী ২২টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে ঘিরে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, সরকারপ্রধানের এই সফরের মাধ্যমে চাঁদপুর অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক এবং যোগাযোগ অবকাঠামোর আমূল পরিবর্তন ঘটবে।






















