খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু
- আপডেট সময় ১১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 8
রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হওয়া অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেলপথ ধরে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন তিনি। পরবর্তীতে আলভি হোসেন নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসা নেওয়ার একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের গায়ে হাফহাতা গেঞ্জি ও পরনে চেক লুঙ্গি ছিল; তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
























