শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
- আপডেট সময় ১১:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 23
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গীতিকবি ও লেখক লতিফুল ইসলাম শিবলী। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে রোববার (২৯ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-১ পদমর্যাদায় এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে একাধিক পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া নাট্যজন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ছয় মাসের মাথায় পদত্যাগ করেন। পরে দায়িত্ব নেন কবি রেজাউদ্দিন স্টালিন। গত ২১ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশীদকে একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন লতিফুল ইসলাম শিবলী। গত ২২ সেপ্টেম্বর তাঁর সেই চুক্তির মেয়াদ শেষ হয়।
গীতিকার হিসেবে চার শতাধিক গান লিখেছেন শিবলী। তাঁর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘জেল থেকে বলছি’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘তুমি আমার প্রথম সকাল’ ও ‘রাজকুমারী’। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তাঁর একক অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’। ‘সং অফ বিলিভ’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
গানের পাশাপাশি কবিতা, উপন্যাস ও নাটক রচনায়ও পরিচিতি রয়েছে তাঁর। আলোচিত উপন্যাসের মধ্যে রয়েছে ‘আসমান’, ‘দখল’, ‘দারবিশ’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’, ‘অন্তিম’, ‘ইমাম’ ও ‘নূর’। ব্যান্ড সংগীতের ইতিহাস ও আন্দোলন নিয়ে তিনি লিখেছেন গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’।
নাট্যকার হিসেবেও কাজ করেছেন শিবলী। তাঁর লেখা প্রথম আলোচিত নাটক ‘তোমার চোখে দেখি’। এ ছাড়া ১১টির বেশি নাটক লিখেছেন তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’-এর কাহিনি ও চিত্রনাট্যও তাঁর লেখা। ১৯৯৭ সালে নিজের লেখা টিভি নাটক ‘রাজকুমারী’তে মির্জা গালিব চরিত্রে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছিলেন তিনি।






















