রাজধানীতে পুলিশের গাড়ি ও চলন্ত বাসে আগুন
- আপডেট সময় ১০:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 36
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়ি ও একটি চলন্ত বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা পুলিশের একটি অকেজো গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল পাহারায় ছিলেন। তবে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আগুনে গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তবে আসন পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সন্ধ্যায় মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে বাসটিতে আগুন দেয়। এ ঘটনায়ও কেউ হতাহত হননি। জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীর কালশী রোড ও বাড্ডার মেরুল এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
























