ভারতকে নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
- আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 32
ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারি বাড়াতে যৌথ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে চীন ও পাকিস্তান। দুই দেশের মহাকাশ সক্ষমতার সমন্বয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পর্যবেক্ষণের সুযোগ তৈরি হচ্ছে। ২০২৫ সালে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় মহাকাশভিত্তিক নজরদারিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছিল বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতীয় মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনটির অনুলিপি পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে বিশেষভাবে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম। দ্বৈত ব্যবহারের উপযোগী এই স্যাটেলাইট অপারেশন সিঁদুরের সময় ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চীন ও পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা একত্র হওয়ায় ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদের ওপর নজরদারির সুযোগ বাড়ছে। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, দুই দেশের মহাকাশ নেটওয়ার্ক সমন্বয়ের অন্যতম উদ্দেশ্য হলো ভারতের কোনো অঞ্চল যেন নজরদারির বাইরে না থাকে।
চীনের সহায়তায় পাকিস্তানের ছয় স্যাটেলাইট
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে দেশটির রকেট ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলো হলো পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন-১ (PRSC-EO1), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (PRSS-2), এইচএস-১ (HS-1), PRSC-EO2 এবং PRSC-EO3।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি চীনের বিদ্যমান মহাকাশ নজরদারি নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালানো সম্ভব হচ্ছে।
চীনের সহায়তায় পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে পাকিস্তানের গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান (আইএসটিএআর) সক্ষমতা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইএসটিএআর একটি সমন্বিত সামরিক ব্যবস্থা। এর মাধ্যমে স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার, ভূমিতে স্থাপিত সেন্সর এবং বিভিন্ন গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে প্রতিপক্ষের কর্মকাণ্ড ও সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।
আগে থেকেই গড়ে উঠছিল স্যাটেলাইট নেটওয়ার্ক
দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহযোগিতায় পাকিস্তানের স্যাটেলাইট কার্যক্রম ২০২৫ সালের আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে PRSC-EO1, পাকস্যাট এমএম-১, আইকিউব-কিউ, PRSS-1 এবং পাক টিইএস-১এ-এর মতো স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণে ভূমিকা রাখছে।
এসব স্যাটেলাইট এমন কক্ষপথে স্থাপন করা হয়েছে, যাতে চীনের বিদ্যমান মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। স্যাটেলাইটগুলোর কক্ষপথ ও কার্যক্রমও পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। একটি স্যাটেলাইট কোনো এলাকার ওপর দিয়ে পর্যবেক্ষণ চালানোর পর অন্যটি একই এলাকায় নজরদারি করতে পারে। এতে নির্দিষ্ট অঞ্চল দীর্ঘ সময় পর্যবেক্ষণের আওতায় রাখা সম্ভব হয়।
পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বিস্তৃত নজরদারি নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের তথ্য সংগ্রহের ঘাটতি পূরণ করছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ এবং তুলনামূলক স্পষ্ট ছবি সংগ্রহের জন্যও কক্ষপথ নির্ধারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
ছবি সংগ্রহে পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা
পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট PRSS-1 ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা হয়। এতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল ছবি সংগ্রহ করা যায়।
প্যানক্রোম্যাটিক প্রযুক্তির মাধ্যমে উপযুক্ত পরিবেশে প্রায় এক মিটার আকারের বস্তু বা ভূ-পৃষ্ঠের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল প্রযুক্তি তড়িৎচুম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশের তথ্য সংগ্রহ করে। এসব তথ্য বিশ্লেষণ করে উদ্ভিদ, ভূমির ব্যবহার, জলাশয় ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।
পাকিস্তানের মহাকাশ সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, PRSS-1 পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর ধারণ করতে পারে। অর্থাৎ, কোনো এলাকার ছবি ধারণের প্রায় চার দিন পর আবারও সেই এলাকার ছবি সংগ্রহ করতে সক্ষম স্যাটেলাইটটি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের ক্ষেত্রেও একই সক্ষমতা রয়েছে।
এই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকার ভূমি ও অবকাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। স্যাটেলাইট থেকে ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ইসলামাবাদ ও করাচিতে দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে।
২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম-১ একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এই স্যাটেলাইট পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।
এ ছাড়া PRSC-EO1 পাকিস্তানের নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট কর্মসূচির অংশ। এতে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয়। পাকিস্তানের এসব স্যাটেলাইট চীনের প্রযুক্তিগত সহায়তা ও উৎক্ষেপণ সহযোগিতা পেয়েছে।
২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের মধ্যে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে চুক্তি হয়। চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান। ওই চুক্তির আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সেবা ব্যবহার করে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিশ্চিত করা হয়।
ভূমিভিত্তিক মহাকাশ নজরদারিতেও পাকিস্তানের অংশগ্রহণ
দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এই বহুজাতিক মহাকাশ নজরদারি নেটওয়ার্কে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রকল্পটির আওতায় ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের বিভিন্ন বস্তু শনাক্ত ও সেগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হয়। কক্ষপথে থাকা স্যাটেলাইটও এই পর্যবেক্ষণের আওতায় রয়েছে। প্রকল্পের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে।
প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। অন্য দুটি পর্যবেক্ষণ কেন্দ্র পেরু ও ইরানে অবস্থিত।
এপিওএসওএসের সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক হওয়ায় মহাকাশ পর্যবেক্ষণের তথ্য সংগ্রহে ভৌগোলিক সুবিধা পাচ্ছে পাকিস্তান। এসব তথ্য ব্যবহার করে কক্ষপথে থাকা বিভিন্ন স্যাটেলাইটের গতিপথ অনুসরণ করা সম্ভব। এর মধ্যে ভারতের মহাকাশ সম্পদও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীনের সক্ষমতা ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতেরও মহাকাশে নজরদারি, উপস্থিতি এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা প্রয়োজন।
সূত্র: দ্য প্রিন্ট।























