সাদিক কায়েমের বাড়িতে বিএনপি-জামায়াতের দুই এমপি
- আপডেট সময় ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 17
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। দুজনই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান।
শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের মানুষকে মারতে মারতে পালিয়ে গেছে। আবার মানুষ হত্যা করে, জানমালের ক্ষতি করে তারা দেশে ফিরে আসতে চায়, যা কখনো সম্ভব নয়। তাঁর দাবি, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতিমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

























